
ভারতের সঙ্গে স্থলপথে যোগাযোগের অন্যতম প্রধান পথ বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন। গত এক বছরে এই পথে পাসপোর্টধারী যাত্রী কমেছে ১০ লাখের বেশি। এতে ভ্রমণ খাতের রাজস্ব কমেছে প্রায় ৯০ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছরে এই পথে যাতায়াত করেছেন ১১ লাখ ৯০ হাজার ৮২১ জন পাসপোর্টধারী যাত্রী। এর মধ্যে ভারতে গেছেন ছয় লাখ ৬ হাজার ৪১০, ফিরেছেন পাঁচ লাখ ৮৪ হাজার ৪১১ জন। সরকারের আয় হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে যাতায়াত করেছেন ২২ লাখ ৫ হাজার ৪৭৮ জন যাত্রী। রাজস্ব এসেছিল প্রায় ২০০ কোটি টাকা। অর্থাৎ ভিসা জটিলতাসহ নানান কারণে এক বছরে যাত্রী কমেছে ১০ লাখ ১৪ হাজার ৬৫৭ জন। আর রাজস্ব কমেছে প্রায় ৯০ কোটি টাকা।