
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকালের নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আইনজীবী, সংগঠক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু।
সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট তারিক আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মইনুদ্দিন নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত পূর্ণ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে। একই নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময়ের মধ্যে তার বিপক্ষে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ কিংবা দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সরোয়ার লাভলু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সহকর্মী আইনজীবীদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। আইনজীবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট ও বিনোদনমূলক কার্যক্রম আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।”
বর্তমানে অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়), চট্টগ্রাম বিভাগ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, বিএনপির লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত।

সামাজিক অঙ্গনেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি আদালতপাড়ার জনপ্রিয় পত্রিকা ‘আইন আদালত প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক, দৈনিক সাঙ্গুর আইন সম্পাদক, জাতীয় দৈনিক রায়ান্ন-এর বিশেষ প্রতিবেদক এবং দৈনিক ভোরের চেতনার আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
উল্লেখ্য, ২০২১ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে সরাসরি নির্বাচিত হয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আইনজীবীদের আস্থা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ধারাবাহিকতায় ২০২৬-২০২৭ মেয়াদে ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৩ সালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কর্তৃক “চট্টগ্রামের শ্রেষ্ঠ যুব সংগঠক” সম্মাননায় ভূষিত হন। এছাড়াও তিনি বঙ্গবীর ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড অর্জন করেন।
আইনজীবী মহলের অভিমত, অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলুর নেতৃত্বে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে এবং আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।