
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) দেশের ভেটেরিনারি পেশার সর্বোচ্চ আইনগত ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি ভেটেরিনারিয়ানদের পেশাগত দিকনির্দেশনা প্রদান, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা এবং নিবন্ধিত প্রাণিস্বাস্থ্যসেবা প্রদানকারীদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকারের উন্নয়ন লক্ষ্য ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষক, খামারি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণে এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সম্প্রতি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নতুন পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত নির্বাচনী কাঠামো অনুযায়ী দেশের প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়ে নতুন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের বিশিষ্ট শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. মোঃ আলী আজগর। তিনি বিশ্বাস করেন, নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের প্রত্যক্ষ ভোটে সৎ, যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচিত হলে পেশার মর্যাদা আরও সমুন্নত হবে এবং ভেটেরিনারি সেক্টরে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।
এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশে ও বিদেশে অবস্থানরত সকল সহকর্মী, বন্ধু, শুভানুধ্যায়ী এবং নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানান। একইসঙ্গে তিনি বলেন,
“চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি সম্মানিত ভোটারদের আন্তরিক সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনাদের গঠনমূলক মতামত, পরামর্শ এবং সমালোচনাকে আমি সর্বদা স্বাগত জানাই। পেশার উন্নয়ন, ভেটেরিনারিয়ানদের অধিকার সংরক্ষণ এবং প্রাণিসম্পদ খাতের অগ্রগতির স্বার্থে আপনাদের প্রত্যেকটি পরামর্শ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আলী আজগর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক, গবেষক ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য। তাঁর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নিবন্ধন নম্বর ২১৬৫ এবং ভোটার নম্বর ২১৫২।