
কাইয়ুম চৌধুরী:
বৈরী আবহাওয়া উপেক্ষা করে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন-এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার (২ মে ২০২৬) বিকাল ৩টায় ক্যাফে মডান-এ আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক, লেখক ও বিশিষ্ট শিক্ষাবিদ নজির আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা আশরাফুল আলম ভূঁইয়া এবং সমাজসেবক জাহাঙ্গীর আলম।
মোঃ নুরুদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, সাবেক সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ইকবাল, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নজির আহমদ বলেন, তরুণদের মানবিক কর্মকাণ্ড সমাজকে আলোকিত করে। রক্তদান ও জনসেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত প্রশংসনীয়।
প্রধান বক্তা অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, মানবসেবাই সর্বোত্তম কাজ। সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অনুসরণীয়।
পরে ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন ও সংগঠন প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে বৈরী আবহাওয়ার মধ্যেও উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পরে প্রতিষ্ঠানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।