
লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। তার বাসায় থেকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখে গেছেন বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকরা দুটি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার ফল এলে শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন।
৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি তিনি লন্ডন যান। ওইদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে সেখানকার বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন ছিলেন।