
ভারতের চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজমে সাংবাদিকতায় এক বছরের স্নাতকোত্তর কোর্সে ফুল স্কলারশিপ পেয়েছেন রিগ্যান মোর্শেদ (ছদ্মনাম)। তার ক্লাস শুরু হয়েছে গত ২৮ জুন, কিন্তু এখনো তিনি যোগ দিতে পারেননি। কারণ—ভারতের ভিসা পাননি তিনি। গত ১১ জুন ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন রিগ্যান। কিন্তু সময়মতো ভিসা না পাওয়ায় স্কলারশিপটি হারানোর শঙ্কায় তিনি। ইতোমধ্যে তিনি একটি প্রতিষ্ঠানের স্থায়ী চাকরি ছেড়ে শিক্ষাজীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এখন দিশেহারা হয়ে দিন কাটছে এই তরুণের। এখনো ভিসার জন্য পথ চেয়ে রিগ্যান। আছেন ভিসা পেলেও স্কলারশিপ হারানোর শঙ্কায়।
চাকরিসূত্রে ও পর্যটক হিসেবে একাধিকবার থাইল্যান্ড সফর করেছেন কনা করিম। পাসপোর্টে রয়েছে ইউরোপ-আমেরিকার একাধিক দেশের ভিসাও। তবে এবছর এপ্রিল মাসে আবেদনের পর ভিসা প্রত্যাখ্যান করেছে ঢাকার থাই দূতাবাস।