
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৪ (সংসদীয় আসন নং ২৮১) এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা, নারী কর্মীদের মাধ্যমে হেনস্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং অবৈধ আলোকসজ্জা ও ব্যানার টাঙানোর অভিযোগ তুলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
গত ২৯ জানুয়ারি সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ্ আহাম্মদ ছলু–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরসহ সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার সিদ্দিকী (প্রতীক: দাঁড়িপাল্লা)–এর সমর্থকরা এলাকায় বিভিন্ন ধরনের আচরণবিধি পরিপন্থী কার্যক্রম চালাচ্ছেন, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
অভিযোগে বলা হয়, জামায়াত সমর্থিত নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছেন এবং ভবিষ্যতে আর্থিক সুবিধার আশ্বাস দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিশেষ করে সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঈদুলপুর এলাকায় এমন কার্যক্রম চলছে বলে দাবি করা হয়।
এছাড়া এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের নারী কর্মীদের দিয়ে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিএনপি নেতাকর্মীদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এছাড়া গত ২৭ জানুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী–এর নামে “ভোটার সম্মাননার রশিদ” শিরোনামে একটি ভুয়া রশিদ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ ঘটনাকে পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, সীতাকুণ্ড পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনাচড়া এলাকায় আলোকসজ্জা ও ব্যানার টাঙিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ সংক্রান্ত ছবিও প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।
প্রতিনিধি দল স্মারকলিপিতে উল্লিখিত অভিযোগগুলোর জরুরি তদন্ত, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রলোভন প্রদানের কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া এবং সীতাকুণ্ডে সকল প্রার্থীর জন্য সমান ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।