July 18, 2026, 3:06 pm

সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদের অচলাবস্থা: চেয়ারম্যানরা পলাতক, নাগরিক সেবা চরম সংকটে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 13, 2025,
  • 167 Time View
Spread the love

নিজস্ব প্রতিবেদন:

 

সীতাকুণ্ড উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে চলমান প্রশাসনিক অচলাবস্থা, চেয়ারম্যানদের পলায়ন ও নাগরিক সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় আজ সীতাকুণ্ড প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের আয়োজন করেন সীতাকুণ্ড উপজেলার সর্বস্তরের জনগণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের জেরে বহু ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হত্যা, বিস্ফোরক ও সহিংসতার মামলায় আসামি হয়ে আত্মগোপনে আছেন, কেউ বিদেশে পালিয়েছেন, আবার কেউ কারাগারে আটক রয়েছেন। সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর, মুরাদপুর, বাড়বকুন্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি ও সলিমপুর ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান বর্তমানে দায়িত্ব পালন করছেন না। এর ফলে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। জন্ম-মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, সরকারি ভাতা যাচাই-বাছাইসহ স্থানীয় উন্নয়ন, রাস্তাঘাট মেরামত, ত্রাণ ও ভিজিডি/ভিজিএফ বিতরণসহ সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইউনিয়ন অফিসে গিয়ে জনগণ খালি তালা ঝুলতে দেখে ফিরে আসছে। বিশেষ করে গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বক্তারা জানান, জেলা প্রশাসক ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইউএনও ও এসি (ভূমি)-কে অস্থায়ী প্রশাসনিক দায়িত্ব দিয়ে ইউনিয়নের সেবা কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেন। তবে পরবর্তীতে চেয়ারম্যানগণ হাইকোর্টে রিট (নং ১৩৭৯১/২০২৪) দায়ের করলে আদালত ২৩ জুন ২০২৫ তারিখে ওই বিকল্প ব্যবস্থার কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। এরপর জেলা প্রশাসক নতুন আদেশে পুনরায় নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব পালনের নির্দেশ দিলেও বাস্তবে কেউ ইউনিয়ন অফিসে ফিরে আসেননি।

বক্তারা অভিযোগ করেন, যেসব ব্যক্তি জনগণের ভোটে না এসে অনিয়মের মাধ্যমে চেয়ারম্যান পদ দখল করেছিলেন, তারা এখন জনগণকে ফেলে পালিয়েছেন। এভাবে ইউনিয়ন পরিষদগুলোর অচলাবস্থা শুধু স্থানীয় শাসন ও প্রশাসনের জন্য নয়, গণতন্ত্র ও আইনের শাসনের জন্যও হুমকিস্বরূপ। এই পরিস্থিতিতে সম্মেলন থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়— পলাতক ও বন্দি চেয়ারম্যানদের স্থলে অস্থায়ী প্রশাসক/প্রতিনিধি নিয়োগ, বিশেষ প্রশাসনিক কর্মকর্তা দিয়ে জরুরি সেবা সচল রাখা, বিকল্প প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও ন্যূনতম সেবা চালুর আইনগত সমাধান, পালিয়ে যাওয়া চেয়ারম্যানদের তদন্ত ও জবাবদিহি নিশ্চিতকরণ, এবং দ্রুত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলো সচল করার উদ্যোগ।

এসময় সভা থেকে ঘোষিত হয়, আগামী ১৪ জুলাই (বুধবার) সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এরপর ১৫ জুলাই (বৃহস্পতিবার) ভুক্তভোগী জনগণকে সঙ্গে নিয়ে সরাসরি চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মুরসালিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব সালে আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, এবং ৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ৬ নং ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহসহ আরও অনেকে।

ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার ভূইয়ার পুত্র হারুন অর রশিদ ভূঁইয়া। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় তার পরিবার ও এলাকার অসংখ্য মানুষ নানা সরকারি সুবিধা ও সেবার জন্য দিনের পর দিন ছুটে গিয়ে ফিরে আসছেন, আমি নিজেও ব্যবসায়ী ট্রেড লাইসের নবায়ন করার জন্য দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু কেউ দায়িত্বে না থাকার কারণে নবায়ন করে দিচ্ছে না।

সম্মেলনের সমাপ্তি বক্তব্যে বক্তারা বলেন, “আমরা কোনো রাজনৈতিক বিতর্ক চাই না। আমরা জনগণের ন্যায্য সেবা চাই। ইউনিয়ন পরিষদগুলোকে জনগণের কল্যাণে দ্রুত সচল করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ মহলের সুদৃষ্টি ও জরুরি পদক্ষেপ কামনা করি। আপনারা সংবাদকর্মীরা আমাদের এই দাবির কথা সারাদেশে পৌঁছে দিন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »