
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দলের নীতি তুলে ধরে বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পুণ্যভূমি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশ গড়তে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক বিজয়ী হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এসময় উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে তিনি জানতে চান, তারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন কি না? জনস্রোত থেকে তখন হাত তুলে ‘হ্যাঁ’ সূচক জবাব আসে। তারেক রহমান এসময় বলেন, ‘ইনশাআল্লাহ’।
বক্তব্যে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’ এসময় বিএনপির আগের একটি স্লোগান ‘টেক ব্যাক বাংলাদেশ’-এর ব্যাখ্যা দেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি সরকারে গেলে মা–বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। সিলেটের বহু মানুষ বিদেশে যায়।
আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। কাজের সুযোগ তৈরি করে দিতে চাই।
‘যারা পালিয়ে গেছে, তারা বাকস্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলী, দিনারের মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। গুম-খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।’
গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।
তথাকথিত উন্নয়নের নামে অর্থ লুটপাট হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।
তারেক রহমান বক্তব্যের মধ্যে সমাবেশে আসা কে হজ করেছেন জানতে চান। কয়েকজন হাত ওঠালে তিনি একজনকে ডেকে নেন মঞ্চে। তার নাম এটিএম হেলাল, বাড়ি সুনামগঞ্জে। তারেক রহমান বলেন, ‘এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে?’ জবাবে অসংখ্য লোক হাত তোলেন। তখন তারেক রহমান বলেন, ‘এই লোক আপনাদের?’ জনতা ‘হ্যাঁ’ উত্তর দেন।
তাকে জিজ্ঞেস করেন, ‘কাবা শরীফের মালিক কে?’ হেলাল তখন বলেন—‘আল্লাহ’। তারেক রহমান বলেন, ‘এই দুনিয়া, পৃথিবীর মালিক কে?’ উত্তর আসে—‘আল্লাহ’, একইভাবে ‘সূর্য-নক্ষত্রের মালিক কে?’, ‘আল্লাহ’, ‘বেহেশত-দোযখের মালিক কে?’, ‘আল্লাহ’ প্রশ্নোত্তর শোনা যায়। তখন তারেক রহমান বলেন, আপনারা সবাই সাক্ষ্য দিলেন, বেহেশত-দোযখ, চন্দ্র, নক্ষত্র, এই পৃথিবী ও কাবার মালিক আল্লাহ।
তিনি একটি দলকে ইঙ্গিত করে বলেন, ‘যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? তাহলে কী দাঁড়াল, একটি দল বেহেশত দেওয়ার কথা বলে, সেটা শিরক হবে না? যার মালিক আল্লাহ, কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচন হলে কেমন ঠকানো ঠকাবে? শুধু ঠকাচ্ছে না মানুষকে, যারা মুসলমান, তাদের শিরক করাচ্ছে তারা—নাউজুবিল্লাহ।’