
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (০৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস জানায়, চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে একটি অটোরিকশা এবং মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করছেন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চার জন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।