
ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন অনেক মানুষ হত্যা করছেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন। সবসময়ই খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু পরে দেখা যায় এসবের কোনও মানে নেই।”
সিনেটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া একটি বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি”। তবে তিনি স্পষ্ট করে বলেননি আদৌ তিনি এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন কিনা।
এদিকে একইদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ইউরোপ কখনও ইউক্রেনকে ছেড়ে দেবে না। তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স একটি “জোট” গড়ে ইউক্রেনের পাশে থাকবে।
ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি আনতে এবং আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল ও টেকসই শান্তির পথ তৈরিতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব, কারণ ইউক্রেনে যা ঘটছে তা আমাদের নিরাপত্তা ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।”
ট্রাম্প একইদিনে জানান, ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, যার বেশিরভাগই হবে “প্রতিরক্ষামূলক অস্ত্র”। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ কমে যাওয়ায় কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত রাখা হয়েছিল। পেন্টাগন জানিয়েছে, তারা একটি “সক্ষমতা পর্যালোচনা” চালাচ্ছে।