
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরইমধ্যে বাড়ি ফিরছেন তারা। বাংলাদেশ রেলওয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে রেলপথে শুরু হয়েছে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা। কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। এছাড়া ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ও ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
সরজমিনের কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত নেই কোনো শিডিউল বিপর্যয়। নেই যাত্রীচাপও। তবে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছুসংখ্যক যাত্রীকে যাত্রা করতে দেখা গেছে। এই রেলস্টেশনে দেখা যায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন যাত্রী এড়াতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।
এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।