
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান, সেটি পাবেন না। আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আগে দুইটা পক্ষ থাকত— নৌকা আর ধানের শীষ। এবার নৌকাটা আর নেই। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নেই। নতুন একটি দল এসেছে। নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা। জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যাইনি। যুদ্ধ করে স্বাধীন করেছি।
জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি।