April 17, 2026, 9:41 am

রিভিউ: আন্তন চেখভের ‘বাজি’ আইন ও নৈতিকতার দ্বান্দ্বিক প্রেক্ষাপটে এক সাহিত্যিক পাঠ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 254 Time View
Spread the love

লেখক: আন্তন পাভলোভিচ চেখভ

অনুবাদক: মেজর মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ

রিভিউকার: এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু,

আন্তন চেখভ রাশিয়ান সাহিত্যের একজন অনন্য কুশলী শিল্পী, যিনি তাঁর সংক্ষিপ্ত গল্পের মাধ্যমে মানব মননের জটিল গঠনতন্ত্র, নৈতিক সংশয় এবং সামাজিক কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরেছেন। তাঁর “বাজি” গল্পটি মূলত একটি নৈতিক ও আইন-দর্শনভিত্তিক ডিসকোর্স, যেখানে দণ্ডবিধির প্রকৃতি, ব্যক্তিস্বাধীনতা, আর্থিক লোভ এবং আত্মজ্ঞান প্রশ্নের মুখে দাঁড়ায়।

গল্পটি শুরু হয় এক নৈশ ভোজে, যেখানে উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গের মাঝে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের ন্যায়সঙ্গততা নিয়ে একটি যুক্তিক বিতর্ক শুরু হয়। এই বিতর্কের সূত্র ধরেই গড়ে ওঠে গল্পের কেন্দ্রীয় ঘটনা—এক তরুণ আইনজীবী ও এক বিত্তশালী ব্যাংকারের মধ্যে সম্পাদিত একটি ‘চুক্তিগত বাজি’, যেখানে আইনজীবী স্বেচ্ছায় ১৫ বছর কারাবাসে থাকতে সম্মত হন দুই মিলিয়ন রুবলের বিনিময়ে।

আইন ও নৈতিকতার দৃষ্টিকোণ থেকে আলোচ্য পয়েন্টসমূহ:

১. শাস্তির দর্শন ও মানবাধিকারের চেতনা:

গল্পে উত্থাপিত বিতর্কটি মূলত মৃত্যুদণ্ডের বৈধতা ও নৈতিকতা প্রশ্নে কেন্দ্রিত। একদিক থেকে এটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার চর্চা, অপরদিকে এটি মানবাধিকার, বিশেষ করে জীবনের অধিকারের সরাসরি লঙ্ঘন। একজন আইনজীবী হিসেবে বলা যায়, এই বিতর্কটি আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত “right to life” ধারার অন্তর্নিহিত নৈতিক বয়ানকেই পুনরুচ্চারিত করে।

২. স্বেচ্ছায় কারাবাস: ব্যক্তি স্বাধীনতার একটি চরম পরীক্ষা:

আইনজীবী চরিত্রটি প্রতীকী অর্থে ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে একটি চুক্তিতে প্রবেশ করেন, যার মধ্য দিয়ে লেখক মানব স্বাধীনতার বিপরীতে আর্থিক প্রলোভনের প্রভাব পরীক্ষা করেন। আইনত, এই চুক্তিটি অস্বাভাবিক হলেও, তা ব্যক্তি ইচ্ছার স্বাধীনতায় ভিত্তি করেই সম্পাদিত, যা চেখভের আঙ্গিকে এক প্রকার মনস্তাত্ত্বিক এবং সামাজিক পরীক্ষা।

৩. আধ্যাত্মিক উত্তরণ ও আত্মবর্জনের নৈতিকতা:

কারাবাসকালীন সময়ে আইনজীবীর মনস্তাত্ত্বিক রূপান্তর—বইপ্রীতি, ভাষা-অর্জন, ধর্ম-দর্শনের প্রতি আগ্রহ এবং শেষপর্যন্ত অর্থের প্রতি বিমুখতা—একজন আইনবিদের আত্মশুদ্ধির পথে অভিযাত্রার প্রতিচ্ছবি। এখানেই গল্পটি আইনের পুনর্বাসনমূলক (reformative justice) দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে।

৪. চুক্তি, দায় এবং অন্তর্নিহিত নৈতিক দায়িত্ব:

শেষ মুহূর্তে আইনজীবী যখন অর্থ প্রত্যাখ্যান করেন, তখন তা শুধু অর্থের প্রতি তাচ্ছিল্য নয়, বরং একটি গভীর নৈতিক দায়বদ্ধতা ও আত্মিক বিজয়ের প্রকাশ। অপরদিকে, ব্যাংকারের অপরাধপ্রবণ চিন্তা—আইনজীবীকে হত্যার কল্পনা—তাকে এক আত্ম-লাঞ্ছনার পথে ঠেলে দেয়। চেখভের এই চিত্রায়ন ‘পজিটিভ আইন’ (positive law) বনাম ‘ন্যাচারাল জাস্টিস’ (natural justice)-এর এক অনন্য দ্বন্দ্বকে সামনে আনে।

আন্তন চেখভের ‘বাজি’ নিছক একটি গল্প নয়, এটি একটি বিচারতাত্ত্বিক ও নৈতিক-দর্শনভিত্তিক পাঠ, যেখানে শাস্তির উদ্দেশ্য, মানবিক স্বত্বা, আর্থিক মোহ এবং আত্মোপলব্ধি এক সাথে উপস্থিত হয়। একজন আইনজীবী হিসেবে আমি একে দেখি আইন ও ন্যায়ের সীমারেখার মাঝে অবস্থানকারী এক মনস্তাত্ত্বিক যাত্রা হিসেবে, যা শুধু ন্যায়বিচার নয়, নৈতিক উন্নয়নকেও আইন-প্রয়োগের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনার দাবি তোলে।

চেখভের এ সাহিত্যকর্ম আমাদের মনে করিয়ে দেয়, আইন প্রয়োগ কেবল বিচার বা দণ্ড প্রদানে সীমাবদ্ধ নয়, বরং তা ন্যায়, মানবতা এবং আত্মিক পুনর্গঠনের এক অবিচ্ছেদ্য প্রক্রিয়া।

রিভিউকার:

এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু,

অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম

চেয়ারম্যান, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: