
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
আইনজীবী তৌহিদ বলেন, রাজনৈতিক ও সামাজিক স্বার্থে এ রিট দায়ের করা হয়েছে। জনগণের সুষ্ঠু ও ন্যায্য গণভোটের অধিকার সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গণভোট প্রক্রিয়া যদি অনিয়মমুক্ত না হয়, তবে তার ফলাফলও বৈধ বলে গণ্য হতে পারে না।