
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনো কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যেকোনো অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে।’ শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে। এ ছাড়া দেশে যারা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মালিক জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো সেগুলো একদিকে সফল করা। আরেকদিকে যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি চালাচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে এই দেশের মালিক জনগণ। কতিপয় সংখ্যক মানুষ এসে বিভ্রান্তি ছড়াবে আর তারা সফল হয়ে যাবে- মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের জন্য কাজ করবে- বাংলাদেশের জনগণ তাদেরকেই সাথে নিয়ে এই দেশকে রক্ষা করবে যেকোনো ষড়যন্ত্রের হাত থেকে।
তিনি বলেন, এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, জনগণকে সাথে নিয়ে করতে হবে। নিজের ক্ষেত-খামার, নিজের ঘরবাড়ি যেভাবে নিজে গড়ে তুলেছেন- দেশটাও আমাদের সকলের নিজের। এখানে আমরা যত মানুষ উপস্থিত আছি প্রত্যেকেই হচ্ছে এই দেশের অংশীদার, প্রত্যেকেই হচ্ছে এই দেশের মালিক। কাজেই আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখবো এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা।
তারেক রহমাান বলেন, আজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে- তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো।