September 6, 2026, 7:23 am

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, February 5, 2026,
  • 129 Time View
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90
Spread the love

জুলাই গণঅভ্যুত্থানকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এছাড়া সাতজনের যাবজ্জীবন দণ্ড এবং আরও দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ক্ষমা করা হয়েছে একজনকে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন।

সাইফুল ছাড়া মৃত্যুদণ্ডিত অন্য পাঁচজন হলেন—আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ কর্মী রনি ভূঁইয়া।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন—ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

সাত বছর দণ্ড হয়েছে আরাফাত উদ্দীন ও কামরুল হাসানের। আর রাজসাক্ষী হওয়ায় ক্ষমা করা হয়েছে শেখ আবজালুল হককে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন। একজনকে জীবিত ও পাঁচজনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তোলেন ওই বাহিনীর সদস্যরা।

ওই গাড়িতে এই ছয়জনকে (যার মধ্যে একজন জীবিত) আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ।
এ সময় যারা শহীদ হন তারা হলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি, আবুল হোসেন ও ওমর ফারুক।

এ মামলায় সাবেক এমপি সাইফুলসহ মোট আসামি ১৬ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক এসআই আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

পলাতক আছেন সাবেক এমপি সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ, পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, পরিদর্শক নির্মল কুমার দাস, এএসআই বিশ্বজিৎ সাহা ও যুবলীগ কর্মী রনি ভূঁইয়া।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »