
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের ও গণতন্ত্রকামী জনগণের। পথ-মত ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনোত্তর প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের, গণতন্ত্রকামী জনগণের।
আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমাদের পথ-মত ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে আমরা সবাই এক।
তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। জনমনে সৃষ্ট সংশয় কাটিয়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।
এ সময় উপস্থিত রয়েছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দীন আহমদ বীর বিক্রম, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলালসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা।
এর পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি।
উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম–২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।