
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে সমগ্র জাতি বুক ভরে শ্বাস নিতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় সভায় একটি কথা আসে, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভেতরে চর্চা করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক-বেঠিক দুটোর মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভেতরে সেই প্রক্রিয়াটি এখনও চালু হয়ে ওঠেনি।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। আমাদের নেতারা যে পথ দেখিয়েছেন, সেই উত্তরাধিকার কন্টিনিউ (চলমান) রাখতে হবে। গণতন্ত্রের ভিত মজবুত করে গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং অবশ্যই দলের ভেতরে সব পর্যায়ে গণতন্ত্র গড়ে তুলতে হবে।