September 6, 2026, 6:40 am

এবার নির্বাচনে দুইনম্বরি কোনো পদ্ধতি নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, January 31, 2026,
  • 133 Time View
Spread the love

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবার ভোট দিয়েই জিততে হবে। জয়ের জন্য দুইনম্বরির কোনো পদ্ধতি নেই।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পর্যন্ত এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও এমন কিছু করা হবে না। নির্বাচনসংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত পছন্দ–অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা হারান, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নেবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ভয়ভীতি, ত্রাস কিংবা মব—কিছুই যেন দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, এটি শুধু গণতন্ত্রের প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক ধারা সুসংগঠিত করার নির্বাচন নয়। এই নির্বাচনের সঙ্গে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জড়িত। সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলার সঙ্গেও এই নির্বাচন সম্পৃক্ত। তাই এটি কোনো নিয়মরক্ষার নির্বাচন নয়; সবাইকে এর গুরুত্ব উপলব্ধি করতে হবে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার পাশাপাশি ভোটকেন্দ্রগুলো যেন ভোটারদের অনুকূলে থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »