April 21, 2026, 9:55 am

বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 14 Time View
Spread the love

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের অভ্যন্তরীণ বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সরকারের নতুন দর অনুযায়ী, রবিবার (১৯ এপ্রিল) থেকে ভোক্তা পর্যায়ে তেলের দাম কার্যকর হয়েছে।

এতে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বৃদ্ধি হয়ে বিক্রি হবে ১১৫ টাকায়, প্রতি লিটার কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি হয়ে বিক্রি হবে ১৩০ টাকায়, প্রতি লিটার পেট্রল ১৯ টাকা বৃদ্ধি হয়ে বিক্রি হবে ১৩৫ টাকায় এবং প্রতি লিটার অকটেন ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হবে ১৪০ টাকায়। দাম বাড়ানোর ঘোষণার পর রাত থেকেই রাজধানীসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। শনিবার রাত ১১টার দিকে তেজগাঁও ও মহাখালী এলাকার বেশ কিছু পাম্পে গিয়ে দেখা যায়, অনেক স্টেশনে তেল নেই বলে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছু পাম্পে স্বাভাবিক সরবরাহ থাকলেও যানবাহনের সারি ছিল কয়েক কিলোমিটার দীর্ঘ।

রাজধানীর তেজগাঁওয়ের সাউদান পাম্পে এক বিড়ম্বনাপূর্ণ চিত্র দেখা যায়। সাধারণত তেল ফুরিয়ে যাওয়ার এক ঘণ্টা আগে মাইকিং করার নিয়ম থাকলেও, দাম বৃদ্ধির ঘোষণার পর মাত্র ১০ মিনিটের নোটিশে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পাম্পে মজুত থাকার পরও বিক্রি বন্ধ রাখায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে সাধারণ মানুষের তোপের মুখে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু করতে বাধ্য হয় পাম্প কর্তৃপক্ষ। তেল নিতে আসা সাধারণ চালক ও ভোক্তারা বলছেন, দাম বাড়ালেও সংকট কাটবে কি না, তা নিয়ে তারা সংশয়ে আছেন। ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অপেক্ষার এই ভোগান্তি থেকে মুক্তি চান তারা। ভোক্তাদের মতে, বাজারে তেলের কৃত্রিম সংকট রোধে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সরকারের কঠোর তদারকি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: