সন্ত্রাসী ও দখলদাররা নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এক বিবৃতিতে জঙ্গল সলিমপুরে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর নাম জড়িয়ে ছড়ানো বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। আজ ২ জুন ২০২৬ইং তারিখে এক লিখিত বিবৃতিতে তিনি এই জোরালো প্রতিবাদ জানান।
বিবৃতিতে আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ড উপজেলাধীন জঙ্গল সলিমপুরে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তথাকথিত অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট গল্প প্রচার করছে কিছু কিছু স্বার্থান্বেষী মহল। প্রকৃত সত্য হচ্ছে— জঙ্গল সলিমপুর তাঁর নির্বাচনী এলাকার একটি ওয়ার্ড হলেও, ২০২৪ সালের ২০ আগস্ট কারামুক্তির পর অদ্যবধি ওই এলাকায় তাঁর যাওয়া হয়নি। এমনকি বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে গণসংযোগের জন্যও তিনি জঙ্গল সলিমপুরে যাননি।
আসলাম চৌধুরী তাঁর বিবৃতিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, “জঙ্গল সলিমপুরে কোনো গ্রুপকে আমি পৃষ্ঠপোষকতা করেছি এমন নজির নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীও এখানে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট নয়। এখানে মূলত সন্ত্রাসী এবং দখলদাররা নিজেদের অপকর্মকে আড়াল করতে আমার নামে এবং বিএনপি দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকার নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এগুলো বাস্তবায়িত হলে যাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালানো সম্ভব হবে না, মূলত তারাই এইসব মিথ্যা রটনা চালিয়ে যাচ্ছে। সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী তথা প্রশাসনকে যারা চ্যালেঞ্জ করতে চায়, তাদের অস্তিত্ব এখানে অচিরেই বিলীন হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
জনপ্রতিনিধি তথা সরকারের অংশ হিসেবে আসলাম চৌধুরী তাঁর এলাকাকে সম্পূর্ণভাবে সন্ত্রাস এবং দখলদারমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি চাইবো আমার এলাকা সন্ত্রাস এবং দখলদারমুক্ত হোক। সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ।”
বিবৃতিতে তিনি সর্বস্তরের জনগণকে এই ধরণের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।