চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন আজ ২১ মে ২০২৬ ইংরেজি তারিখ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মইনুদ্দিন নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত পূর্ণ প্যানেল বিজয় অর্জন করে।
গত ১ মে ২০২৬ ইংরেজি তারিখে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করে। মুখ্য নির্বাচন কমিশনার এডভোকেট রোশনারা বেগম এবং নির্বাচন কমিশনারবৃন্দ এডভোকেট মোঃ ইব্রাহিম, এডভোকেট মোহাম্মদ ফরিদুল আলম, এডভোকেট মোহাম্মদ শাহিন ও এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ উদ্দিন স্বাক্ষরিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সূচি নির্ধারণ করা হয়।
তফসিল অনুযায়ী ৪ মে ২০২৬ ইংরেজি তারিখ বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় নির্ধারিত ছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট সেলিনা খানম, সহ-সভাপতি পদে এডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ মইনুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে এডভোকেট আবুল মনসুর শিকদার, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট হোসেন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু এবং কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট আলী আকবর, এডভোকেট দিদারুল আলম, এডভোকেট দিলদার আহমদ ভূঁইয়া, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, এডভোকেট মোহাম্মদ হাসান, এডভোকেট মোক্তার উদ্দিন, এডভোকেট মোমাইনুল হক, এডভোকেট সাদিয়া খান, এডভোকেট সাইফুল ইসলাম ও এডভোকেট শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ ও যথাযথভাবে জমা প্রদান করেন।
অপরদিকে জামাত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ প্যানেল থেকে সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নেজাম উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদের ১১ জন প্রার্থীর পক্ষে সমন্বয়কারী এডভোকেট মোঃ শামসুল আলম একযোগে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরবর্তীতে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট সাইফুদ্দিন মানিক, অর্থ সম্পাদক পদে এডভোকেট মোঃ শহিদুল ইসলাম সুমন, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মিশুক, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আজিমউদ্দিন লাভলু এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এডভোকেট সাদ্দাম হোসেন আজাদের পক্ষে আংশিক টাকা চেকের মাধ্যমে এবং বাকি টাকা নগদে জমা দেওয়ার শর্তে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
অভিযোগ রয়েছে যে, ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের সংশ্লিষ্ট প্রার্থীগণ নির্ধারিত সময় বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা না দিয়ে সন্ধ্যা ৬টার দিকে জমা প্রদান করেন এবং চেকের বিপরীতে প্রদেয় ৫৩ হাজার টাকা নির্ধারিত সময়ে নগদে জমা দেননি।
পরবর্তীতে ৫ মে ২০২৬ ইংরেজি তারিখ নির্বাচন কমিশন প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের সাতজন প্রার্থীর মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়া এবং চেক সংক্রান্ত শর্ত পূরণ না করার কারণে বাতিল ঘোষণা করা হয়।
৬ মে আপিলের সুযোগ থাকলেও বাতিল হওয়া প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিকট কোনো আপিল বা আপত্তি দাখিল করা হয়নি। পরবর্তীতে ৯ মে ২০২৬ ইংরেজি তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং ১৮ মে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এরই মধ্যে ১৪ মে ২০২৬ ইংরেজি তারিখে জামাত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের পক্ষ থেকে প্রায় ১৬৬ জন আইনজীবীর স্বাক্ষরযুক্ত আবেদনের মাধ্যমে বিদ্যমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন ও নতুন তফসিল ঘোষণার দাবিতে তলবী সভার আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে ১৯ মে ২০২৬ ইংরেজি তারিখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তলবী সভার আয়োজন করেন। উক্ত সভায় তলবী সভার পক্ষে ১৭১ জন এবং বিপক্ষে ২৮৯ জন আইনজীবী ভোট প্রদান করেন। ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।
এদিকে বাতিল হওয়া প্রার্থীগণ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের বিবাদী করে যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করে নির্বাচন কার্যক্রম স্থগিত ও নির্বাচন কমিশন বাতিলের আবেদন জানালে আদালত ২০ মে ২০২৬ ইংরেজি তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন।
পরবর্তীতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২১ মে ২০২৬ ইংরেজি তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদের ১টি এবং কার্যনির্বাহী সদস্য পদের ১১টিসহ মোট ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সর্বমোট ৪৫৫৪ জন ভোটারের মধ্যে ২১৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীগণ নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মইনুদ্দিন নেতৃত্বাধীন প্যানেল আইনজীবীদের ব্যাপক সমর্থন লাভ করে নির্বাচনে বিজয়ী হন।
নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনজীবীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তোলে।